Feature

জন্মের পর রাসূল (সা.)-কে কি পুরো বিশ্ব ভ্রমণ করানো হয়েছিল

প্রশ্ন (৮৫৭৪) : রাসূল (সা.) যখন জন্ম গ্রহণ করেছিলেন, তখন কি তাকে পুরো বিশ্ব ভ্রমণ করানো হয়েছিল?

প্রশ্ন

রাসূল (সা.) যখন জন্ম গ্রহণ করেছিলেন, তখন কি তাকে পুরো বিশ্ব ভ্রমণ করানো হয়েছিল?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

খাসায়েসুল কুবরা নামক কিতাবে আল্লামা জালালুদ্দিন সুয়ূতি (রহ.) একটি রেওয়ায়েত এনেছেন। উক্ত রেওয়ায়েতে রয়েছে যে, রাসূল (সা.)-এর জন্মের পর তাকে পুরো বিশ্ব ভ্রমণ করানো হয়েছিল। তবে উক্ত রেওয়ায়েত উল্লেখ করার পর আল্লামা জালালুদ্দিন সুয়ূতি (রহ.) বলেন,

‘উক্ত রেওয়ায়েত ও তার পূর্ববর্তী দুইটি রেওয়ায়েতের ব্যাপারে মারাত্মক পর্যায়ের অগ্রহণযোগ্যতা রয়েছে। উক্ত রেওয়ায়েতগুলোর চেয়ে অধিক অগ্রহণযোগ্য কোনো রেওয়ায়েত আমি আমার কিতাবে উল্লেখ করিনি এবং এ জাতীয় রেওয়ায়েত উল্লেখ করতে আমি আগ্রহীও নই। শুধু হাফেজ আবু নুআইম (রহ.)-এর অনুসরণার্থে আমি তা উল্লেখ করেছি।’ [খাসায়েসুল কুবরা ১/৮৩]

হাফেজ ইবনে কাসীর (রহ.)-ও উক্ত রেওয়ায়েতকে চূড়ান্ত পর্যায়ের বিরল বলেছেন। [আল বিদায়া ওয়ান নিহায়া ৬/২৯৯]

কাজেই রাসূল (সা.)-এর জন্মের পর তাকে পুরো বিশ্ব ভ্রমণ করানোর যে রেওয়ায়েত পাওয়া যায় তা মুহাদ্দিসিনদের নিকট গ্রহণযোগ্য নয়।

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: https://www.drkhalilurrahman.com/19934/article-details.html