ইসলামে মদ পান কবে নিষিদ্ধ হয়েছে
প্রশ্ন (১০৮৭) : মদ পানের বিষয়ে কুরআনে কয়েক ধরনের আয়াত রয়েছে। আমি এই আয়াতগুলোর ব্যাখ্যা জানতে চাচ্ছি।
প্রশ্ন
মদ পানের বিষয়ে কুরআনে কয়েক ধরনের আয়াত রয়েছে। আমি এই আয়াতগুলোর ব্যাখ্যা জানতে চাচ্ছি।
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ইসলামে মদ পান করা কয়েক ধাপে নিষিদ্ধ হয়েছে। একসাথে মদ পুরোপুরি হারাম করে দেওয়া হয়নি।
প্রথমে মদ পানের ক্ষতি সম্পর্কে বলা হয়েছে, যেন মানুষ এ থেকে দূরে থাকে। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন-
يَسْأَلُونَكَ عَنِ الْخَمْرِ وَالْمَيْسِرِ قُلْ فِيهِمَا إِثْمٌ كَبِيرٌ وَمَنَافِعُ لِلنَّاسِ وَإِثْمُهُمَا أَكْبَرُ مِنْ نَفْعِهِمَا
‘লোকে তোমাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে। বল, উভয়ের মধ্যে মহাপাপ এবং মানুষের জন্য (যৎকিঞ্চিৎ) উপকারও আছে, কিন্তু উভয়ের পাপ উপকার অপেক্ষা অধিক।’ [সূরা বাকারা, আয়াত: ২১৯]
এরপর কেবল নামাজের সময় মদ পান করতে নিষেধ করা হয়েছে।
আল্লাহ তাআলা বলেন-
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَقْرَبُوا الصَّلَاةَ وَأَنْتُمْ سُكَارَى حَتَّى تَعْلَمُوا مَا تَقُولُونَ
‘হে ঈমানদারগণ! তোমরা যখন নেশাগ্রস্ত থাক, তখন নামাযের ধারে-কাছেও যেওনা, যতক্ষণ না বুঝতে সক্ষম হও যা কিছু তোমরা বলছ।’ [সূরা নিসা, আয়াত: ৪৩]
সর্বশেষ চূড়ান্তভাবে মদকে হারাম করা হয়েছে। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন-
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالْأَنْصَابُ وَالْأَزْلَامُ رِجْسٌ مِنْ عَمَلِ الشَّيْطَانِ فَاجْتَنِبُوهُ لَعَلَّكُمْ تُفْلِحُونَ
‘হে মুমিনগণ, এই যে মদ, জুয়া, প্রতিমা এবং ভাগ্য-নির্ধারক শরসমূহ এসব শয়তানের অপবিত্র কার্য। অতএব, এগুলো থেকে বেঁচে থাক-যাতে তোমরা সফল হতে পার।’ [সূরা মায়েদা, আয়াত: ৯২]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/4409/article-details.html