হস্তমৈথুনের বিধান কী

প্রশ্ন                                                                                                         

আমি অবিবাহিত। বিয়ে করার সামর্থ্য নেই। কিন্তু প্রবল যৌনকামনার কারণে কখনো কখনো হস্তমৈথুন করে ফেলি। আমি জানতে চাচ্ছি, ইসলামে কি হস্তমৈথুন করার অনুমোদন রয়েছে? যদি না থাকে, তাহলে কিভাবে যৌনকামনা প্রশমিত করা যাবে?

উত্তর                                                                                                       

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

কুরআন হাদিসের আলোকে হস্তমৈথুন করা হারাম।

কুরআন মাজিদে এসেছে,

وَالَّذِينَ هُمْ لِفُرُوجِهِمْ حَافِظُونَ إِلَّا عَلَى أَزْوَاجِهِمْ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُمْ فَإِنَّهُمْ غَيْرُ مَلُومِينَ فَمَنِ ابْتَغَى وَرَاءَ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْعَادُونَ

‘আর যারা নিজেদের যৌনাঙ্গকে হেফাযত করে। নিজেদের স্ত্রী বা মালিকানাভুক্ত দাসীগণ ছাড়া; এক্ষেত্রে (স্ত্রী ও দাসীর ক্ষেত্রে) অবশ্যই তারা নিন্দিত নয়। যারা এর বাইরে কিছু কামনা করবে তারাই সীমালঙ্ঘনকারী।’ [সূরা মুমিনুন, আয়াত: ৫-৬]

এই আয়াত থেকে বুঝা যায়, স্ত্রী বা দাসী ছাড়া অন্য কোনোভাবে বীর্যপাত করালে সে গুনাহগার হবে।

তবে কারো যদি প্রবল যৌন চাহিদা থাকে তাহলে বিয়ের সামর্থ্য থাকলে সে বিয়ে করে নিবে। অন্যথায় সে লাগাতার রোজা রাখতে থাকবে। এর দ্বারা যৌনচাহিদা কমে যাবে।

কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,

وَلْيَسْتَعْفِفِ الَّذِينَ لَا يَجِدُونَ نِكَاحًا حَتَّى يُغْنِيَهُمُ اللَّهُ مِنْ فَضْلِهِ

‘যারা বিবাহে সক্ষম নয়, তারা যেন সংযম অবলম্বন করে যে পর্যন্ত না আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করে দেন।’[সূরা নূর, আয়াত: ৩৩]

হাদিস শরিফে এসেছে,

‘আব্দুল্লাহ্‌ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূল(সা.)-র সাথে আমরা এমন কিছু যুবকে ছিলাম যাদের কিছু ছিল না। তখন রাসূল (সা.) বললেন: হে যুবকেরা! তোমাদের মধ্যকার যার বিয়ের খরচ বহন ও শারীরিক সামর্থ্য রয়েছে সে যেন বিয়ে করে ফেলে। কেননা, তা তার দৃষ্টি নিম্নগামী রাখতে ও লজ্জাস্থানকে হেফাজত করায় সহায়ক হয়। আর যে বিবাহের সামর্থ্য রাখে না, সে যেন রোজা রাখে। কারণ তা যৌন উত্তেজনা প্রশমনকারী।’ [সহিহ বুখারি, হাদিস: ৫০৬৬]

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র: http://www.drkhalilurrahman.com/5001/article-details.html